৮৪ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৷) বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু!— উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্ব্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ। কি সেবা তার সে সুখ-সদনে!— দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী; যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি; পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে; দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে!