৮৩ (কবিবর ভিক্তর হ্যূগো।) আপনার বীণা, কবি, তব পাণি-মূলে দিয়াছেন বীণাপাণী, বাজাও হরষে! পূর্ণ, হে যশস্বি, দেশ তোমার সুষশে, গোকুল-কানন যথা প্রফুল্ল বকুলে বসন্তে! অমৃত পান করি তব ফুলে অলি-রূপ মনঃ মোর মত্ত গো সে রসে! হে ভিতর, জয়ী তুমি এই মর-কুলে! আসে যবে যম, তুমি হাসো হে সাহসে। অক্ষয় বৃক্ষের রূপে তব নাম রবে তব জন্ম-দেশ-বনে, কহিনু তোমারে; (ভবিষ্যদ্‌বক্তা কবি সতত এ ভবে, এ শক্তি ভারতী সতী প্রদানেন তারে) প্রস্তরের স্তম্ভ যবে গল্যে মাটি হবে, শৌভিবে আদরে তুমি মনের সংসারে!