৬৭ (দ্বেষ।) শত ধিক্ সে মনেরে, কাতর যে মনঃ পরের সুখেতে সদা এ ভব-ভবনে! মোর মতে নর-কুলে কলঙ্ক সে জন পোড়ে আঁখি যার যেন বিষ-বরিষণে, বিকশে কুসুম যদি, গায় পিক-গণে বাসন্ত আমোদে পূরি ভাগ্যের কানন পরের! কি গুণ দেখে, কব তা কেমনে, প্রসাদ তোমার, রমা, কর বিতরণ তুমি? কিন্তু এ প্রসাদ, নমি ষোড় করে মাগি রাঙা পায়ে, দেবি; দ্বেষের অনলে (সে মহা নরক ভবে!) সুখী দেখি পরে, দাসের পরাণ যেন কভু নাহি জ্বলে, যদিও না পাত তুমি তার ক্ষুদ্র ঘরে রত্ন-সিংহাসন, মা গো, কুভাগ্যের বলে!