৬৯ (যশঃ।) লিখিনু কি নাম মোর বিফল যতনে বালিতে, রে কাল, তোর্ সাগরের তীরে? ফেন-চূড় জল-রাশি আসি কি রে ফিরে, মুছিতে তুচ্ছেতে ত্বরা এ মোর লিখনে? অথবা খোদিনু তারে যশোগিরি-শিরে, গুণ-রূপ যন্ত্রে কাটি অক্ষর সুক্ষণে,— নারিবে উঠাতে যাহে, ধুয়ে নিজ নীরে, বিস্মৃতি, বা মলিনিতে মলের মিলনে?— শূন্য-জল জল-পথে জলে লোক স্মরে; দেব-শূন্য দেবালয়ে অদৃশ্যে নিবাসে দেবতা; ভস্মের রাশি ঢাকে বৈশ্বানরে। সেই রূপে, ধড় যবে পড়ে কালগ্রাসে, যশোরূপাশ্রমে প্রাণ মর্ত্ত্যে বাস করে;— কুযশে নরকে যেন, সুযশে—আকাশে!