৬৬ (শ্যামা-পক্ষী।) আঁধার পিঞ্জরে তুই, রে কুঞ্জ-বিহারি বিহঙ্গ, কি রঙ্গে গীত গাইস্ সুস্বরে? ক মোরে, পূর্ব্বের সুখ কেমনে বিস্মরে মনঃ তোর? বুঝা রে, যা বুঝিতে না পারি! সঙ্গীত-তরঙ্গ-সঙ্গে মিশি কি রে ঝরে অদৃশ্যে ও কারাগারে নয়নের বারি? রোদন-নিনাদ কি রে লোকে মনে করে মধুমাখা গীত-ধ্বনি, অজ্ঞানে বিচারি? কে ভাবে, হৃদয়ে তোর কি ভাব উথলে?— কবির কুভাগ্য তোর, আমি ভাবি মনে। দুখের আঁধারে মজি গাইস বিরলে তুই, পাখি, মজায়ে রে মধু-বরিষণে! কে জানে যাতনা কত তোর ভব-তলে? মোহে গন্ধে গন্ধরস সহি হুতাশনে!