২৬ (সৃষ্টিকর্ত্তা।) কে সৃজিলা এ সুবিশ্বে, জিজ্ঞাসিব কারে এ রহস্য কথা, বিশ্বে, আমি মন্দমতি? পার যদি, তুমি দাসে কহ, বসুমতি;— দেহ মহা-দীক্ষা, দেবি, ভিক্ষা চিনিবারে তাঁহায়, প্রসাদে যাঁর তুমি, রূপবতী,— ভ্রম অসম্ভ্রমে শূন্যে! কহ, হে আমারে, কে তিনি, দিনেশ রবি, করি এ মিনতি, যাঁর আদি জ্যোতিঃ, হেম-আলোক সঞ্চারে তোমার বদন, দেব, প্রত্যহ উজ্জ্বলে?— অধম চিনিতে চাহে সে পরম জনে, যাঁহার প্রসাদে তুমি নক্ষত্র-মণ্ডলে কর কেলি নিশাকালে রজত-আসনে, নিশানাথ। নদকুল, কহ, কল কলে, কিম্বা তুমি, অম্বুপতি, গম্ভীর স্বননে।