৪১ (পরলোক।) আলোক-সাগর-রূপ রবির কিরণে, ডুবে যথা প্রভাতের তারা সুহাসিনী;— ফুটে যথা প্রেমামোদে, আইলে যামিনী, কুসুম-কুলের কলি কুসুম-যৌবনে;— বহি যথা সুপ্রবাহে প্রবাহ-বাহিনী, লভে নিরবাণ সুখে সিন্ধুর চরণে;— এই রূপে ইহ লোক—শাস্ত্রে এ কাহিনী— নিরন্তর সুখরূপ পরম রতনে পায় পরে পর-লোকে, ধরমের বলে। হে ধর্ম্ম, কি লোভে তবে তোমারে বিস্মরি, চলে পাপ-পথে নর, ভুলি পাপ-ছলে? সংসার-সাগর-মাঝে তব স্বর্ণতরি তেয়াগি, কি লোভে ডুবে বাতময় জলে? দু দিন বাঁচিতে চাহে, চির দিন মরি?