৫১ (বীর-রস।) ভৈরব-আকৃতি শূরে দেখিনু নয়নে গিরি-শিরে; বায়ু-রথে, পূর্ণ ইরম্মদে, প্রলয়ের মেঘ যেন! ভীম শরাসনে ধরি বাম করে বীর, মত্ত বীর-মদে, টঙ্কারিছে মুহুর্মুহুঃ, হুঙ্কারি ভীষণে! ব্যোমকেশ-সম কায়; ধরাতল পদে, রতন-মণ্ডিত শিরঃ ঠেকিছে গগনে, বিজলী-ঝলসা-রূপে উজলি জলদে। চাঁদের পরিধি, যেন রাহুর গরাসে, ঢালখান; ঊরু-দেশে অসি তীক্ষ্ণ অতি, চৌদিকে বিবিধ অস্ত্র। সুধিনু তরাসে,— “কে এ মহাজন, কহ, গিরি মহামতি?” আইল শবদ বহি স্তবধ আকাশে— “বীর-রস এ বীরেন্দ্র, রস-কুল-পতি!”