৫০ (কোজাগর-লক্ষ্মীপূজা।) শোভ নভে, নিশাপতি, এবে হে বিমলে!— হেমাঙ্গি রোহিণি, তুমি, অঙ্গ-ভঙ্গি করি, হুলাহুলি দিয়া নাচ, তারা সঙ্গী-দলে!— জান না কি কোন্ ব্রতে, লো সুর-সুন্দরি, রত ও নিশায় বঙ্গ? পূজে কুতূহলে রমায় শ্যামাঙ্গী এবে, নিদ্রা পরিহরি; বাজে শাঁখ, মিলে ধূপ ফুল-পরিমলে। ধন্য তিথি ও পূর্ণিমা, ধন্য বিভাবরী! হৃদয়-মন্দিরে, দেবি, বন্দি এ প্রবাসে এ দাস, এ ভিক্ষা আজি মাগে রাঙা পদে,— থাক রঙ্গ-গৃহে, যথা মানসে, মা, হাসে চিররুচি কোকনদ; বাসে কোকনদে সুগন্ধ; সুরত্নে জ্যোৎস্না; সুতারা আকাশে; শুক্তির উদরে মুক্তা; মুক্তি গঙ্গা-হ্রদে!