যোগ কর প্রাণ মনে;― আর কাজ কি ভবের ভাগ-পূরণে? হয়োনা কাতর বিয়োগে হা’স‍্বে লোকে, দে’খে শুনে। আগে নে’ মনকষা কসি,’ করিস‍্নে মন-কসাকসি, সরল কররে জটিল রাশি; থাকিস‍্নে বসি, ভবের, মিথ্যা-মিশ্র-সঙ্কলনে। লঘিষ্ঠ-গরিষ্ঠ-ভেদে, কেন মিছে মরিস্ কেঁদে, ম’জে আছ ভগ্নাংশেতে, কোন্ রসেতে? চল শুভঙ্করীর নিয়ম মে’নে। কাজ কি রে তোর সের ছটাকে; বেঁধে নে’ দেহের ছ’টাকে; শিখে নেরে পরিমিতির নিয়মটাকে; রাখ, চতুর্ভুজের গুণটি জে’নে। কর হৃদি-ক্ষেত্র কালী, সার ভবক্ষেত্রে, কালী; তোর জ্ঞান-নেত্রে কালী কে দিলরে ঢালি; তাইতে, ঠিকের ঘরটা ঠিক দেখিনে। কাস্ত বলে ব্যাপার বিষম, ভু’লে আদি যোগের নিয়ম, পৌনঃপুনিক হচ্ছে জনম, ও মন অধম! এবার, পরীক্ষাতে পাশ পাবিনে। কালেংড়া—আড়খম‍্টা!