সরস্বতী বন্দনা। উর দেবি সরস্বতি স্তবে কর অনুমতি বাগীশ্বরি বাক্যবিনোদিনি। শ্বেত বর্ণ শ্বেত বাস শ্বেত বীণা শ্বেত হাস শ্বেতসরসিজনিবাসিনি॥ বেদ বিদ্যা তন্ত্র মন্ত্র বেনু বীণা আদি যন্ত্র নৃত্য গীত বাদের ঈশ্বরী। গন্ধর্ব্ব অন্সরগণ সেবা করে অনুক্ষণ ঋষি মুনি কিন্নর কিন্নরী॥ আগমের নানা গ্রন্থ আর যত গুণপন্থ চারি বেদ আচার পুরাণ। ব্যাস বাল্মীকাদি যত কবি সেবে অবিরত তুমি দেবী প্রকৃতিপ্রধান॥ ছত্রিস রাগিণী মেলে ছয় রাগ সদা খেলে অনুরাগ যে সব রাগিণী। সপ্ত স্বর তিন গ্রাম মূর্চ্ছনা একুশ নাম শ্রুতি কলা সতত সঙ্গিনী॥ তান মান বাদ্য তাল নৃত্য গীত ক্রিয়া কাল তোমা হৈতে সকল নির্ণয়। যে আছে ভুবন তিনে তোমার করুণা বিনে কাহার শকতি কথা কয়॥ তুমি নাহি চাহ যারে সবে মূঢ় বলে তারে ধিক ধিক তাহার জীবন। তোমার করুণা যারে সবে ধন্য বলে তারে গুণিগণে তাহার গণন॥ দয়া কর মহামায়া দেহ মোরে পদছায়া পূর্ণ কর, নুতনু মঙ্গল। আসরে আসিয়া উর নায়কের আশা পূর দূর কর কুজ্ঞান সকল॥ কৃষ্ণচন্দ্র নরপতি গীতে দিলা অনুমতি করিলাম আরম্ভ সহসা। মনে বড় পাই ভয় না জানি কেমন হয় ভারতের ভারতী ভরসা॥