৩১ (সরস্বতী।) তপনের তাপে তাপি পথিক যেমতি পড়ে গিয়া দড়ে রড়ে ছায়ার চরণে; তৃষাতুর জন যথা হেরি জলবতী নদীরে, তাহার পানে ধায় ব্যগ্র মনে পিপাসা-নাশের আশে; এ দাস তেমতি, জ্বলে যবে প্রাণ তার দুঃখের জ্বলনে, ধরে রাঙা পা দুখানি, দেবি সরস্বতি!— মার কোল-সম, মা গো, এ তিন ভুবনে আছে কি আশ্রম আর? নয়নের জলে ভাসে শিশু যবে, কে সান্ত্বনে তারে? কে মোচে আঁখির জল অমনি আঁচলে কে তার মনের খেদ নিবারিতে পারে, মধুমাখা কথা কয়ে, স্নেহের কৌশলে?— এই ভাবি, কৃপাময়ি, ভাবি গো তোমারে।