৩০ (নন্দনকানন।) লও দাসে, হে ভারতি, নন্দন-কাননে, যথা ফোটে পারিজাত; যথায় উর্ব্বশী,— কামের আকাশে বামা চির-পূর্ণ-শশী,— নাচে করতালি দিয়া বীণার স্বননে; যথা রম্ভা, তিলোত্তমা, অলকা রূপসী মোহে মনঃ সুমধুর স্বর বরিষণে,— মন্দাকিনী বাহিনীর স্বর্ণ তীরে বসি, মিশায়ে সু-কণ্ঠ-রব বীচীর বচনে! যথায় শিশিরের বিন্দু ফুল্লফুল-দলে। সদা সদ্যঃ; যথা অলি সতত গুঞ্জরে; বহে যথা সমীরণ বহি পরিমলে; বসি যথা শাখা-মুখে কোকিল কুহরে; লও দাসে; আঁখি দিয়া দেখি তব বলে ভাব-পটে কল্পনা যা সদা চিত্র করে।