১০০ (সমাপ্তে।) বিসর্জ্জিব আজি, মা গো, বিস্মৃতির জলে (হৃদয়-মণ্ডপ, হায়, অন্ধকার করি!) ও প্রতিমা! নিবাইল, দেখ, হোমানলে মনঃ-কুণ্ডে অশ্রু-ধারা মনোদুঃখে ঝরি! শুখাইল দুরদৃষ্ট সে ফুল্ল কমলে, যার গন্ধামোদে অন্ধ এ মনঃ, বিস্মরি সংসারের ধর্ম্ম, কর্ম্ম! ডুবিল সে তরি, কাব্য-নদে খেলাইনু যাহে পদ-বলে অল্প দিন! নারিনু, মা, চিনিতে তোমারে শৈশবে, অবোধ আমি! ডাকিলা যৌবনে; (যদিও অধম পুত্র, মা কি ভুলে তারে?) এবে—ইন্দ্রপ্রস্থ ছাড়ি যাই দূর বনে। এই বর, হে বরদে, মাগি শেষ বারে,— জ্যোতির্ম্ময় কর বঙ্গ—ভারত-রতনে!