৯৯ (আশা।) বাহ্য-জ্ঞান শূন্য করি, নিদ্রা মায়াবিনী কত শত রঙ্গ করে নিশা-আগমনে!— কিন্তু কি শকতি তোর এ মর-ভবনে লো। আশা!— নিদ্রার কেলি আইলে যামিনী, ভাল মন্দ ভুলে লোক যখন শয়নে, দুখ, সুখ, সত্য, মিথ্যা! তুই কুহকিনী, তোর লীলা-খেলা দেখি দিবার মিলনে,— জাগে যে স্বপন তারে দেখাস্, রঙ্গিণি! কাঙ্গালী যে, ধন-ভোগ তার তোর বলে; মগন যে, ভাগ্য-দোষে বিপদ-সাগরে, (ভুলি ভূত, বর্ত্তমান ভুলি তোর ছলে) কালে তীর লাভ হবে, সেও মনে করে! ভবিষ্যত-অন্ধকারে তোর দীপ জ্বলে;— এ কুহক পাইলি লো কোন্ দেব-বরে?