খোকা! দেখ ফুল! খোকা দেখে এর চেয়ে ভাল ঢের,— সুখের স্বপন হ’তেও মোহন, দেখে ছবি জুল্‌জুল্‌! খোকা, শোনো গান! খোকা জানে এর চেয়ে ভালো ঢের, যতই শোনাক্‌ ও গানের চেয়ে মধুর পাখীর তান। খোকা, দেখ চাঁদ! চাঁদেরে আকাশে দেখে খোকা হাসে, আলোয় সে দেয় ভালবাসা কত,— নিশির মিটায় সাধ। খোকা, দেখ ঢেউ! আহা কচিমুখ হ’ল উৎসুক; দুধের ছেলের গম্ভীর ছবি দেখিবি কি তোরা কেউ? খোকা, দেখ তারা! খোকা তোলে হাত; হায় উন্মাদ, যা’ কিছু শোভন তাহাতেই দাবী? এ কি গো তোমার ধারা? খোকা, ঘড়ি বাজে; খোকা ঢুলে ঢুলে পড়ে বাহুমূলে, জড় হ’য়ে এল পাপুড়ি ফুলের পত্রপুটের মাঝে! কিরণ-কুসুম! খোকা! শুধু সুস্বপন দেখ তুমি ধন! যে অবধি রাত না হয় প্রভাত না ফুটে অরুণ-লেখা। সুইন্‌বার্গ।