(মিশর) তোমার দুয়ারে দ্বারী হ’তে পেলে আমি তো ভাই, কিছু না চাই, বাঁচিয়া যাই! ভৎসনা-বাণী কম্পিত মনে শুনি গো কত, শিশুর মত, নয়ন নত। আমি যদি হায় হ’তাম তোমার হাব্‌সী দাসী, রূপের রাশি, নিকটে আসি’ অবাধে দু’চোখ ভরি’ দেখিতাম; সরম ভরে যেতে না স’রে, ঘোম্‌টা পরে! হ’তাম যদি ও করে অঙ্গুরী, কণ্ঠে মালা,— হৃদয় আলা! রূপসী বালা! মালারি মতন দুলিতাম তবে হৃদয় তলে, নানান্‌ ছলে বেড়িয়া গলে; এক হ’য়ে যেত অঙ্গুলি আর অঙ্গুরীতে,— অতি নিভৃতে,— দুইটি চিতে।