মেদুর নয়ন মেষের মতন, দারুচিনি জিনি দাঁত, চোখের চাহনি, চাহনি সে নয়,— লাখ টাকা হাতে হাত! বোটাতে তোমার জল যদি থাকে দাও গো না করি’ ছল, আমার পক্ষে হ’বে ঔষধ তোমার হাতের জল! ওগো সুন্দরী ক্লান্ত মনের পক্ষেতে তুমি তাঁবু, শর্কর-খাদী বাদ্‌শাজাদী সে ও রূপের কাছে কাবু! তুমি যেন কোনো ফুলের গন্ধ,— কেবল গন্ধটুক্‌! গোলাম আমারে ক’রেছে তোমার মশালা-গন্ধি মুখ!