৩৭ (রাশি-চক্র।) রাজপথে শোভে যথা, রম্য-উপবনে, বিরাম-আলয়বৃন্দ; গড়িলা তেমতি দ্বাদশ মন্দির বিধি, বিবিধ রতনে, তব নিত্য পথে শূন্যে, রবি, দিনপতি। মাস কাল প্রতি গৃহে তোমার বসতি, গ্রহেন্দ্র; প্রবেশ তব কখন সুক্ষণে,— কখন বা প্রতিকূল জীব-কুল প্রতি! আসে এ বিরামালয়ে সেবিতে চরণে গ্রহব্রজ; প্রজাব্রজ, রাজাসন-তলে পূজে রাজপদ যথা; তুমি, তেজাকর, হৈমময় তেজঃ-পুঞ্জ প্রসাদের ছলে, প্রদান প্রসন্নভাবে সবার উপর। কাহার মিলনে তুমি হাস কুতূহলে, কাহার মিলনে বাম,— শুনি পরস্পর।