মিথ্যাবাদী ভূতনাথ, সত্যবাদী রাম, দুই ভাই বসতি করিত বেদগ্রাম। দুজনা প্রবেশি’ এক মালীর বাগানে, রাত্রি কালে পাকা আম চুরি ক’রে আনে। প্রাতে টের পে’য়ে পিতা, ডাকি’ দুজনায়, জিজ্ঞাসেন, “পাকা আম পাইলি কোথায়?” ভূতো বলে, “কোথা হ’তে আনিয়াছে রাম, আমি নাহি জানি, প্রাতে দেখিতেছি আমি।” রাম বলে, “দু’জনা মালীর গাছে চ’ড়ে, চুপে চুপে রাত্রিতে এনেছি চুরি ক’রে।” পিতা ক’ন “রাম, তুমি ক’রেছ স্বীকার; সাবধান, হেন কাজ করিওনা আর। চুরির মতন আর নীচ কর্ম্ম নাই; আর যেন হেন কথা শুনিতে না পাই।” ভূতোরে বলেন রে’গে, “অতি দুষ্ট তুই, ‘চুরি’ আর ‘মিথ্যা,’—তোর অপরাধ দুই। প্রহারটা রামের উপর দিয়ে যা’ক্, এই ভে’বে, সত্য কথা বলা দূরে থাক্‌, নিজে বাঁচিবার তরে, রামে অপরাধী করেছিস, হতভাগা, চোর, মিথ্যাবাদী।” বলিয়া, ভূতোকে ধরি’ করেন প্রহার, ভেউ ভেউ কাঁদে ভূতো, বহে অশ্রুধার। অবশেষে আম গুলি কাপড়ে বাঁধিয়া, ভূতোর মাথায় তুলি, দেন পাঠাইয়া। আম পেয়ে মালী বলে, “ভদ্রের সন্তান, তোমরা করিলে’ চুরি থাকে কি সন্মান?”