৮৯ (পৃথিবী।) নির্ম্মি গোলাকারে তোমা আরোপিলা যবে বিশ্ব-মাঝে স্রষ্টা, ধরা! অতি হৃষ্ট মনে চারি দিকে তারা-চয় সুমধুর রবে (বাজায়ে সুবর্ণ বীণা) গাইল গগনে, কুল-বালা-দল যবে বিবাহ-উৎসবে হুলাহুলি দেয় মিলি বধূ-দরশনে। আইলেন আদি প্রভা হেম-ঘনাসনে, ভাসি ধীরে শূন্যরূপ সুনীল অর্ণবে, দেখিতে তোমার মুখ। বসন্ত আপনি আবরিলা শাম বাসে বর কলেবরে; আঁচলে বসায়ে নব ফুলরূপ মণি, নব ফুল-রূপ মণি কবরী উপরে। দেবীর আদেশে তুমি, লো নব রমণি, কটিতে মেখলা-রূপে পরিলা সাগরে।