৮৮ (ভারত-ভূমি।) “Italia! Italia! O tu cui feo la sorte Dono infelice di bellezza!” Filicaja “কুক্ষণে তোরে লো, হায়, ইতালি! ইতালি! এ দুখ-জনক রূপ দিয়াছেন বিধি।”— কে না লোভে, ফণিনীর কুন্তলে যে মণি ভূপতিত তারারূপে, নিশাকালে ঝলে? কিন্তু কৃতান্তের দূত বিষদন্তে গণি, কে করে সাহস তারে কেড়ে নিতে বলে?— হায় লো ভারত-ভূমি! বৃথা স্বর্ণ-জলে ধুইলা বরাঙ্গ তোর, কুরঙ্গ-নয়নি, বিধাতা? রতন সিঁথি গড়ায়ে কৌশলে, সাজাইলা পোড়া ভাল তোর লো, যতনি! নহিস্ লো বিষময়ী যেমতি সাপিনী; রক্ষিতে অক্ষম মান প্রকৃত যে পতি; পুড়ি কামানলে, তোরে করে লো অধিনী (হা ধিক্!) যবে যে ইচ্ছে, যে কামী দুর্ম্মতি! কার শাপে তোর তরে, ওলো অভাগিনি, চন্দন হইল বিষ; সুধা তিত অতি?