১১ (পরিচয়।) যে দেশে উদয়ি রবি উদয়-অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে প্রভাতে; যে দেশে গাই, সুমধুর কলে, ধাতার প্রশংসা-গীত, বহেন সাগরে জাহ্নবী; যে দেশে ভেদি বারিদ-মণ্ডলে (তুষারে বপিত বাস উর্দ্দ্ধ কলেবরে, রজতের উপবীত স্রোতঃ-রূপে গলে,) শোভেন শৈলেন্দ্র-রাজ, মানঃ-সরোবরে (স্বচ্ছ দরপণ!) হেরি ভীষণ মূরতি;– যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে;– দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী;— চাঁদের আমোদ যথা কুমুদ-সদনে;– সে দেশে জনম মম; জননী ভারতী; তেঁই প্রেম-দাস আমি, ওলো বরাঙ্গনে! ১২ (ঐ।) কে না জানে কবি-কুল প্রেম-দাস ভবে, কুসুমের দাস যথা মারুত্, সুন্দরি, ভাল যে বাসিব আমি, এ বিষয়ে তবে এ বৃথা সংশয় কেন? কুসুম-মঞ্জরী মদনের কুঞ্জে তুই! কভু পিক-রবে তোর গুণ গায় কবি; কভু রূপ ধরি অলির, যাচে সে মধু ও কানে গুঞ্জরি, ব্রজে যথা রসরাজ রাসের পরবে! কামের নিকুঞ্জ এই! কত যে কি ফলে, হে রসিক, এ নিকুঞ্জে, ভাবি দেখ মনে! সরঃ ত্যজি সরোজিনী ফুটিছে এ স্থলে, কদম্ব, বিম্বিকা, রম্ভা, চম্পকের সনে! সাপিনীরে হেরি ভয়ে লুকাইছে গলে কোকিল; কুরঙ্গ গেছে রাখি দু-নয়নে!