১০ (“বউ কথা কও।”) কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে বসি, বউ কথা কও, কও এ কাননে?— মানিনী ভামিনী কি হে ভামের গুমরে, ঢাকিয়াছে ঘোমটায় সুচন্দ্র-বদনে? তেঁই সাধ তারে তুমি মিনতি-বচনে? তেঁই হে এ কথা-গুলি কহিছ কাতরে? বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে,— নর-নারী-রঙ্গ কি হে বিহঙ্গিনী করে? সত্য যদি, তবে শুন, দিতেছি যুকতি; (শিখাইব শিখেছি যা ঠেকি এ কু-দায়ে) পবনের বেগে যাও যথায় যুবতী; “ক্ষম, প্রিয়ে,” এই বলি পড় গিয়া পায়ে!— কভু দাস, কভু প্রভু, শুন, ক্ষুণ্ণ-মতি, প্রেম-রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে।