(ওরা) —চাহিতে জানে না, দয়াময়! চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়! করুণার সিন্ধু-কূলে, বসিয়া, মনের ভুলে এক বিন্দু বারি তু’লে, মুখে নাহি লয়; তীরে করি’ ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়। কি চাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা’ দিয়ে, দুদিনের মোহ, ভেঙ্গে চুরমার হয়; তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া, ভাঙ্গিতে গড়িতে, হয়ে পড়ে অসময়। আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়; চির-তৃপ্তি আছে যাহে, তা’ যদি গো নাহি চাহে, তাই দিও দীনে, যা’তে পিয়াসা না রয়। বারোয়াঁ—ঠুংরি।