৮১ (পণ্ডিতবর থিওডোর্ গোল্‌ডষ্টুকর।) মথি জলনাথে যথা দেব-দৈত্য-দলে লভিলা অমৃত-রস, তুমি শুভ ক্ষণে যশোরূপ সুধা, সাধু, লভিলা স্ববলে, সংস্কৃতবিদ্যা-রূপ সিন্ধুর মথনে! পণ্ডিত-কুলের পতি তুমি এ মণ্ডলে। আছে যত পিকবর ভারত-কাননে, সুসঙ্গীত-রঙ্গে তোষে তোমার শ্রবণে। কোন্ রাজা হেন পূজা পায় এ অঞ্চলে? বাজায়ে লুকল বীণা বাল্মীকি আপনি কহেন রামের কথা তোমায় আদরে; বদরিকাশ্রম হতে মহা গীত-ব্বনি গিরি-জাত স্রোতঃ-সম ভীম ধ্বনি করে! সখা তব কালিদাস, কবি-কুল-মণি!— কে জানে কি পুণ্য তব ছিল জন্মান্তরে?