৮২ (কবিবর আল্‌ফ্রেড্ টেনিসন্‌।) কে বলে বসন্ত অশ্ত, তব কাব্য-বনে, শ্বেতদ্বীপ? ওই শুন, বহে বায়ু-ভরে সঙ্গীত-তরঙ্গ রঙ্গে! গায় পঞ্চ স্বরে পিকেশ্বর, তুষি মনঃ সুধা-বরিষণে! নীরব ও বীণা কবে, কোথা ত্রিভুবনে বাগ্‌দেবি? অবাক্ কবে কল্লোল সাগরে? তারারূপ হেম তার, সুনীল গগনে, অনন্ত মধুর ধ্বনি নিরন্তর করে। পূজক-বিহীন কভু হইতে কি পারে সুন্দর মন্দির তব? পশ, কবিপতি, (এ পরম পদ পুণ্য দিয়াছে তোমারে) পুষ্পাঞ্জলি দিয়া পূজ করিয়া ভকতি৷ ষশঃ-ফুল-মালা তুমি পাবে পুরস্কারে। ছুঁইতে শমন তোমা পাবে শকতি।