আমি জ্বলন্ত, আমি জীবন্ত, আমি দেখা দিই অগ্নিরূপে, পঞ্চভূতেরে নিত্য নুতন মুখোস্ পরাই আমিই চুপে! আমি মহাকাল, আমিই মরণ, আমি কামনার বহ্নিজ্বালা, সৃষ্টি লয়ের ঘূর্ণিবাতাসে ছিঁড়ি গাঁথি গ্রহ- তারার মালা। আমি জগতের জনমের হেতু, আমি বিচিত্র অস্থিলতা, বাহির দেউলে কামের মেখলা ভিতরে শান্ত আমি দেবতা! আমি ভৈরব, আমি আনন্দ, আমিই বিঘ্ন, আমিই শিব, হৃৎপিণ্ডের শোণিত-প্রবাহ নিয়মিত করি’ বাঁচাই জীব। পরশে চেতনা এনে দিই জড়ে, পুনঃ কটাক্ষে ধ্বংস করি, নিশ্বাসে আর প্রশ্বাসে মম জীবন মরণ পড়িছে ঝরি’! জন্ম-তোরণে মৃত্যু-মুরতি আমি প্রবৃত্তি সকল কাজে, এ মহা দ্বন্দ্ব, ইহা আনন্দ, আমারি ডমরু ইহাতে বাজে॥ আল্‌ফ্রেড্‌ লায়াল্‌।