মাগো, আমার সকলি ভ্রান্তি। মিথ্যা জগতে, মিথ্যা মমতা; মরু-ভূমি শুধু, করিতেছে ধূ ধূ! হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি। যবে, অরুণ-কিরণে নব-দিবা জাগে, ফোটে নব ফুল, নব অনুরাগে, ভুলি মা তখন, কি কাল ভীষণ আঁধারে, ডুবিবে কনক কান্তি! পুত্র-পরিজ্ঞানে হ’য়ে পরিবৃত, ভাবি, এ আনন্দ অনন্ত, অমৃত; মনে নাহি হয়, মরণ-সময় “হৃদয়বান্ধবা বিমুখা যান্তি।” দিনে দিনে দীনের ফুরাইল দিন, দীনতারা, ঘুচাও দীনের দুর্দ্দিন, ‘আশা’-রূপে মাগো, নিরাশ প্রাণে জাগো, দিয়ে ও চরণ, অক্ষয়শান্তি। বসস্ত বাহার - একতালা।