স্নেহবিহ্বল, করুণা-ছলছল, শিয়রে জাগে কার আঁখিরে! মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী শুধা এনেছে, অশৱণ লাগিরে। শ্রান্ত অবিরত যামিনী-জাগরণে, অবশ কৃশ তনু মলিন অনশনে; আত্মহারা, সদা বিমুখী নিজ-সুখে, তপ্ত তনু মম, করুণা-ভরা বুকে টানিয়া লয় তুলি’, যাতনা-তাপ ভুলি’, বদন-পানে চেয়ে থাকিরে। করুণে বরষিছে মধুর সান্ত্বনা, শান্ত করি’ মম গভীর যন্ত্রণা; স্নেহ-অঞ্চলে মুছায়ে আঁখিজল, ব্যথিত মস্তক চুম্বে অবিরল, চরণ-ধূলি সাথে, আশীষ রাখে মাথে, সুপ্ত হৃদি উঠে জাগিরে। আপনি মঙ্গলা, মাতৃরূপে আসি’, শিয়রে দিল দেখা পুণ্য-স্নেহ-রাশি, বক্ষে ধরি’ চির-পীযূষ-নির্ঝর, নিরাশ্রয়-শিশু-অসীম-নির্ভর; নমো নমো নমঃ, জননি দেবি মম! অচলা মতি পদে মাগিরে। মিশ্র ইমন—তেওরা।