৯৪ (কোন এক পুস্তকের ভূমিকা পড়িয়া।) চাঁড়ালের হাত দিয়া পোড়াও পুস্তকে! করি তস্মরাশি ফেল, কর্ম্মনাশা-জলে!— সুভাবের উভযুক্ত বসন যে বলে নার বুনিবারে, ভাষা! কুখ্যাতি-নরকে যম-সম পারি তারে ডুবাতে পুলকে, হাতী-সম গুঁড়া করি হাড় পদতলে! কত যে ঐশ্বর্য্য তব এ ভব-মণ্ডলে, সেই জানে, বাণীপদ ধরে যে মস্তকে! কামার্ত্ত দানব যদি অপ্সরীরে সাধে, ঘৃণায় ঘুরায়ে মুখ হাত দে সে কানে; কিন্তু দেবপুত্র যবে প্রেম-ডোরে বাঁধে মনঃ তার, প্রেম-সুধা হরষে সে দানে। দূর করি নন্দঘোষে, ভজ শ্যামে, রাধে, ও বেটা নিকটে এলে ঢাকো মুখ মানে।