গণেশায় নমঃ নমঃ আদিব্রহ্ম নিরুপম পরমপুরুষ পরাৎপর। খর্ব্ব স্থূল-কলেবর গজমুখ লম্বোদর মহাযোগী পরমসুন্দর॥ বিঘ্ন নাশ কর বিঘ্নরাজ। পূজা হোম যোগ যাগে তোমার অর্চ্চনা আগে তব নামে সিদ্ধ সর্ব্ব কাজ॥ স্বরগ পাতাল ভূমি বিশ্বের জনক তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল। শিবের তনয় হয়ে দুর্গারে জননী কয়ে ক্রীড়া কর হয়ে অনুকূল॥ হেলে শুণ্ড বাড়াইয়া সংসার সমুদ্র পিয়া খেলাছলে করহ প্রলয়। ফুৎকারে করিয়া বৃষ্টি পুন কর বিশ্ব সৃষ্টি ভাল খেলা খেল দয়াময়॥ বিধি বিষ্ণু শিব শিবা ত্রিভুবন রাত্রি দিবা সৃষ্টি পুন করহ সংহার। বেদে বলে তুমি ব্রহ্ম তুমি জপ কোন ব্রহ্ম তুমি সে জানহ মর্ম্ম তার॥ যে তুমি সে তুমি প্রভু জানিতে নারিনু কভু বিধি হরি হর নাহি জানে। তব নাম লয় যেই আপদ এড়ায় সেই তুমি দাতা চতুর্ব্বর্গ দানে॥ আমি চাহি এই বর শুন প্রভু গণেশ্বর অন্নপূর্ণামঙ্গল রচিব। কৃপাবলোকন কর বিঘ্নরাজ বিঘ্ন হর ইথে পার তবে সে পাইব॥ আপনি আসরে উর নায়কের আশা পূর নিবেদিনু বন্দনা বিশেষে। কৃষ্ণচন্দ্র ভক্তি আশে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে॥