গীতারম্ভ। অন্নপূর্ণা মহামায়া সংসার যাঁহার মায়। পরাৎপরা পরম প্রকৃতি। অনির্ব্বাচ্যা নিরুপমা আপনি আপন সমা সৃষ্টিস্থিতি প্রলয়আকৃতি॥ অচক্ষু সর্ব্বত্র চান অকর্ণ শুনিতে পান অগদ সর্ব্বত্র গতাগতি। কর বিনা বিশ্ব গড়ি মুখ বিনা বেদ পড়ি সবে দেন কুমতি সুমতি॥ বিনা চন্দ্রানলরবি প্রকাশি আপন ছবি অন্ধকার প্রকাশ করিলা। প্লাবিত কারণ জলে বসি স্থল বিন স্থলে বি্না গর্ভে প্রসব হইলা॥ গুণ সত্ত্বতমোরজে হরিহরকমলজে কহিলেন তপ তপ তপ। শুনি বিধি হরি হর তিন জনে পরস্পর করেন কারণ জলে জপ॥ তিনের জানিতে সত্ত্ব জানাইতে নিজ তত্ব শবরূপা হইলা কপটে। পচাগন্ধ মাংস গলে ভাসিয়া কারণ জলে আগে গেলা বিষ্ণুর নিকটে॥ পচাগন্ধে ব্যস্ত হরি উঠি গেলা ঘৃণা করি বিধিরে ছলিতে গেলা মাতা। পচাগন্ধে ভাবি দুখ ফিরিয়া ফিরিয়া মুখ চারি মুখ হইলা বিধাতা॥ বিধির বুঝিয়া সত্ত্ব শিবের জানিতে তত্ত্ব শিব অঙ্গে লাগিলা ভাসিয়া। শিব জ্ঞানী ঘৃণা নাই বসিতে হইল ঠাই যত্নে ধরি বসিলা চাপিয়া॥ দেখিয়া শিবের কর্ম্ম তাহতে বসিল মর্ম্ম ভার্য্যারূপা ভবানী হইলা। পতিরূপ পশুপতি দুজনে ভুঞ্জিয়া রতি ক্রমে সৃষ্টি সকল করিলা॥ বিধির মানস সুত দক্ষ মুনি তপযুত প্রসূতি তাহার ধর্ম্মজায়া। তার গর্ভে সতী নাম অশেষ মঙ্গল ধাম জনম লভিলা মহামায়া॥ নারদ ঘটক হয়ে নানামত বলে কয়ে শিবেরে বিবাহ দিলা সতী। শিবের বিকট সাজ দেখি দক্ষ ঋষিরাজ বামদেবে হৈলা বামমতি॥ সদা শিব নিন্দা করে মহা ক্রোধ হৈল হরে সতী লয়ে গেলেন কৈলাসে। দক্ষেরে বিধাতা বাম না লয় শিবেব নাম সদা নিন্দা করে কটু ভাষে॥ আরম্ভিয়া দেবযাগ নিমন্ত্রিল দেবভাগ নিমন্ত্রণ না কৈল শঙ্করে। যাইতে দক্ষের বাস সতীর হইল আশ ভারত কহিছে জোড় করে॥