গোলাপ এখনো রাঙা আগুনের মত! নৈশ বায়ে বনবীথী দুলিছে মন্থরে; তৃণশয্যাতলে, হায়, ছিনু নিদ্রাগত, সহসা উঠেছি জেগে পল্লব-মর্ম্মরে। ওগো এস! এস একবার! গভীর এ নিশীথের শোনো হাহাকার! চাঁদ লুকায়েছে লতা-কুঞ্জের আড়ালে, জোছনার কুচিগুলি পড়ে হেথাহোথা; বঞ্জুল-চুম্বিত কালো লহরের তালে, জেগে ওঠে কবেকার-কোথাকার কথা! আর্দ্র তৃণে নয়ন লুকাই, তোমারে এমন চাওয়া কভু চাহি নাই। আজিকার মত ভাল বাসিনি গো কভু, খুঁজিনি কখনো বুঝি আজিকার মত! আঁখি-অধরের খেলা খেলেছি তো তবু, হাসিমুখে আদর তো করিয়াছি কত। সুগোপন সুখের আভাস,— তারো মাঝে, মনে হয়, পড়েছে নিশ্বাস। তুমি যদি দেখিতে,—ও জোনাকী দু’টিরে,— দুটি প্রাণী রাত্রি মাঝে একটি আলোক; চারিদিকে বনচ্ছায়া; নিশীথ তিমিরে সাঁতারিছে তৃপ্তিহ্রদে তৃপ্তিহীন চোখ! এস! একা রহিব গো কত; গোলাপ এখনো রাঙা আগুনের মত! রিকার্ড ডেহ্মেল।