চঞ্চল হ’য়ে উঠিনে তুই, ওরে, কেন সঙ্কোচ? কবি আমি একজন; সূর্য্য যদি না বর্জ্জন করে তোরে,— আমিও তোমায় করিব না বর্জ্জন। নদী যতদিন উছলিবে তোরে হেরে,— বন-পল্লব উঠিবে মর্ম্মরিয়া,— ততদিন মোর বাণীও ধ্বনিবে যে রে তোর লাগি,মোর উছলি’ উঠিবে হিয়া। দেখা হ’বে ফের, কথা দিয়ে গেনু নারী, যতন করিস্ যোগ্য আমার হ’তে, ধৈর্য্য ধরিস্‌,—শক্ত সে নয় ভারি, আসিব আবার ফিরে আমি এই পথে। কবি আমি শুধু কল্প-ভুবন-চারী, ব্যভিচারী নই, তবু করি অভিসার; ভাল হ’য়ে থেক, মনে রেখ মোরে, নারী! আজিকার মত বিদায়, নমস্কার! হুইট্‌ম্যান্‌।