১৫ (দেব-দোল।) ওই যে শুনিছ ধ্বনি ও নিকুঞ্জ-বনে, ভেবো না গুঞ্জরে অলি চুম্বি ফুলাধরে; ভেবো না গাইছে পিক কল কুহরণে, তুষিতে প্রত্যুষে আজি ঋতু-রাজেশ্বরে! দেখ, মীলি, ভক্তজন, ভক্তির নয়নে, অধোগামী দেব-গ্রাম উজ্জ্বল-অম্বরে,— আসিছেন সবে হেথা—এই দোলাসনে— পূজিতে রাখালরাজ—রাধা-মনোহরে! স্বৰ্গীয় বাজনা ওই! পিককুল কবে, কবে বা মধুপ, করে হেন মধু-ধ্বনি? কিন্নরের বীণা-তান অপ্সরার রবে! আনন্দে কুসুম-সাজ ধরেন ধরণী,— নন্দন-কানন-জাত পরিমল ভবে বিতরেন বায়ু-ইন্দ্র পবন আপনি!