১৬ (শ্রীপঞ্চমী।) নহে দিন দূর, দেবি, যবে ভূভারতে বিসর্জ্জিবে ভূভারতে, বিস্মৃতির জলে, ও তব ধবল মূর্ত্তি সুদল কমলে;— কিন্তু চিরস্থায়ী পূজা তোমার জগতে! মনোরূপ-পদ্ম যিনি রোপিলা কৌশলে এ মানব-দেহ-সরে, তার ইচ্ছামতে সে কুসুমে বাস তব, যথা মরকতে কিম্বা পদ্মরাগে জ্যোতিঃ নিত্য ঝলঝলে! কবির হৃদয়-বনে যে ফুল ফুটিবে, সে ফুল-অঞ্জলি লোক ও রাঙা চরণে পরম-ভকতি-ভাবে চিরকাল দিবে দশ দিশে, যত দিন এ মর ভবনে মনঃ-পদ্ম ফোটে, পূজা, তুমি, মা, পাইবে!— কি কাজ মাটির দেহে তবে, সনাতনে?