কিরণে ঝলমল অগাধ নীলজল, নীল কমল তায় ফুটেছে; বনের পথ ধরি’ চলেছে সুন্দরী, নীল কমল হেরি’ ছুটেছে। ঝাপ্‌সা ঝোপে ঝাপে ব্যথিত বায়ু কাঁপে, পিচের শাখে শাখে পাতার সূচী; ঝাউয়ের মৃদু ছায়া রচিছে কিযে মায়া ছড়ায়ে বন পথে সোনার কুচি! নীল কমল লখি’ চলে কমল-সখী, বন বিজন, ভিজা ভেষজ ঘ্রাণ; আবেশে একাকার চলিতে পিছে তার শুনি গো বারবার পুরাণে তান;— “নিখিলে আছে মিশে কাহিনী অনাদি সে,— যা’ ছিল পুরাতন হ’ল সে নব; কালের বিষে জ্বরা তরুণ হ’ল ধরা পুরাণো প্রাণে নব প্রেমমাৎসব!” সুকুন্তু।