কেমন হ’য়েছে মন,—মনে নাহি সুখ, হারায়ে শীতের বাস শীতে কাঁপে বুক; কি হ’ল আমার ওগো সদা ভাবি তাই, চন্দনের খাটে শুয়ে চোখে ঘুম নাই। বড়ই দুখিনী আমি বড় অভাগিনী, বিদেশে রয়েছে বঁধু আমি একাকিনী; দিন যায় যাতনায় হায় হায় করি,’ রেশ্‌মী বালিশে শুয়ে আমি কেঁদে মরি। তোমারে জানাই বঁধু তোমারে জানাই, এ দশায় এ দেশে থাকিতে সাধ নাই; এস একবার এস সাধি পায়ে ধরি’ ফুল শেযে শুয়ে বঁধু মরি যে গুমরি’। ঝরণা ঝরার মত আঁখিজল ঝরে, কেঁদে নদী বয়ে যায় বঁধুয়ার তরে; কি হ’বে ফুলের শেযে, চন্দনের খাটে, বঁধু বিনা হাহাকারে সদা বুক ফাটে! ফিরে এস, ফিরে এস, এস বঁধু মোর, তুমি এলে শুকাইতে পারে আঁখি-লোর।