বোটার বাঁধন অনায়াসে খুলি’ সহজে ঝরি; আমরা বকুল অতি ছোটো ফুল ধূলায় মরি! আমরা হাসিনে ভুবন ভরিয়া রূপের জাঁকে, সহজে মাটির মত হই, তবু গন্ধ থাকে। রসের জোগান-বোঁটায় সে নাই বুকেতে আছে, তাই থাকে বাস জীবনে মরণে,—আগে ও পাছে। কমল শুকালে সেও দ্যায় পীড়া ঘাসের বাসে, আমরা শুকাই—ধূলা হই, তবু, গন্ধ ভাসে। নিজে আছি পূরা নিজে মশ্‌গুল দিবস রাতি, আমরা বকুল ছোটো ফুল,—নাই রূপের ভাতি।