৯২ (বাল্মীকি।) স্বপনে ভ্রমিণু আমি গহন কাননে একাকী। দেখিনু দূরে যুব এক জন, দাঁড়ায়ে তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ— দ্রোণ যেন ভয়-শূন্য কুরুক্ষেত্র-রণে। “চাহিস বধিতে মোরে কিসের কারণে?” জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে। “বধি তোমা হরি আমি লব তব ধন,” উত্তরিল যুব জন ভীম গরজনে।— পরিবরতিল স্বপ্ন। শুনিনু সত্বরে সুধাময় গীত-ধ্বনি, আপনি ভারতী, মোহিতে ব্রহ্মার মনঃ, স্বর্ণ বীণা করে, আরম্ভিলা গীত যেন— মনোহর অতি! সে দুরন্ত যুব জন, সে বৃদ্ধের বরে, হইল, ভারত, তব কবি-কুল-পতি।