৯১ (শকুন্তলা।) মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে, শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি, কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে, কালিদাস! ধন্য কবি, কবি-কুল-পতি!— তব কাব্যাশ্রমে হেরি এ নারী-রতনে কে না ভাল বাসে তারে, দুষ্মন্ত যেমতি প্রেমে অন্ধ? কে না পড়ে মদন-বন্ধনে? নন্দনের পিক-ধ্বনি সুমধুর গলে; পারিজাত-কুসুমের পরিমল শ্বাসে; মানস-কমল-রুচি বদন-কমলে; অধরে অমৃত-সুধা; সৌদামিনী হাসে; কিন্তু ও মৃগাক্ষি হতে যবে গলি, ঝলে অশ্রুধারা, ধৈর্য্য ধরে কে মর্ত্যে, আকাশে?