আজি, শিথিল সব ইন্দ্রিয়, চরণ-কর নিষ্ক্রিয়, তিমিরময় প্রাণপ্রিয় গেহ; কে, শান্তি-সুখ দূর করি’, বজ্র করে কেশ ধরি’, বেগভরে শূন্যে তোলে দেহ! হে, পুঞ্জ-অলি-গুঞ্জরণ-মঞ্জুল-নিকুঞ্জ-বন! সজ্জিত-বিলাস-গৃহ রম্য! দাস-গণ-জুষ্ট, পরিপূরিত সুগীত-রবে, দীনঞ্জন-চির-অনধিগম্য। হে হেমমুকুট! মণি-রঞ্জিত সুমঞ্চ শত! দীপ্ত মতি-হীরক-প্রবালে; চন্দন-প্রলিপ্ত-মৃগনাভি! হে কস্তুরী! সুরভিত সুগন্ধি-ফুল-মালে। কমল-কুল-মণ্ডিত, মধুপ-কল-গুঞ্জিত, নির্ম্মল, প্রশান্ত, শতবাপি! বন-ভবন-চারি-শুকসারী-পিক-পাপিয়া! পুচ্ছধর সুন্দর কলাপি! হে রাজছত্র! হে রাজপদ- গৌরব! হে হর্ম্ম্য! রত্ন-গজ-রাজি! (আজি) বিপলমিত আয়ু কর দান, চিরসেবিত বন্ধু মম, হে বিভব-রাজি! স্মরগরলখণ্ডনং-সুর।