তবু তাহা ভুল জানি … রাজবল্লভের কীর্তি ভাঙে কীর্তিনাশা; তবুও পদ্মার র‍ূপ একুশরত্নের চেয়ে আরো ঢের গাঢ়— আরো ঢের প্রাণ তার, বেগ তার, আরো ঢের জল, জয় আরো; তোমারো পৃথিবী পথ; নক্ষত্রের সাথে তুমি খেলিতেছ পাশা: শঙ্খমালা নয় শ‍ুধু:অনুরাধা রোহিণীরও চাও ভালোবাসা, না জানি সে কত আশা—কত ভালোবাসা তুমি বাসিতে যে পার! এখানে নদীর ধারে বাসমতী ধানগ‍ুলো ঝরিছে আবারো; প্রান্তরের কুয়াশায় এইখানে বাদুড়ের যাওয়া আর আসা— এসেছে সন্ধ্যার কাক ঘরে ফিরে;—দাঁড়ায়ে রয়েছে জীর্ণ মঠ; মাঠের আঁধার পথে শিশ‍ু কাঁদে—লালপেড়ে পুরোনো শাড়ির ছবিটি মুছিয়া যায় ধীরে ধীরে—কে এসেছে আমার নিকট? ‘কার শিশ‍ু? বল তুমি’:শ‍ুধালাম; উত্তর দিল না কিছু বট; কেউ নাই কোনোদিকে—মাঠে পথে কুয়াশার ভিড়; তোমারে শ‍ুধাই কবি: ‘তুমিও কি জান কিছু, এই শিশ‍ুটির।’ — রূপসী বাংলা (1957)