কত দিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর খড়ের চালের নিচে, অন্ধকারে;—সন্ধ্যায় ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে—বাদুড় কেবল করিতেছে আসা-যাওয়া আকাশের মৃদু পথে;—ছিন্ন ভিজে খড় বুকে নিয়ে সনকার মতো যেন প’ড়ে আছে নরম প্রান্তর; বাঁকা চাঁদ চেয়ে আছে;—কুয়াশায় গা ভাসায়ে দেয় অবিরল নিঃশব্দ গ‍ুবরে-পোকা—সাপমাসী—ধানী শ্যামাপোকাদের দল; দিকে দিকে চাল-ধোয়া গন্ধ মৃদু—ধূসর শাড়ির ক্ষীণ স্বর শোনা যায়;—মানুষের হৃদয়ের পুরোনো নীরব বেদনার গন্ধ ভাসে;—খড়ের চালের নিচে তুমি আর আমি কত দিন মলিন আলোয় ব’সে দেখেছি বুঝেছি এই সব; সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে তুমি আর আমি ধূসর আলোয় ব’সে কত দিন দেখেছি বুঝেছি এই সব। — রূপসী বাংলা (1957)