‘তাজা-বে-তাজা’ গাও, কবি! গাও, কর বিরচন তাজা তাজা গান, কবিতা নূতন; আঙুরের রসে ভিজে যাক্ মন, তাজা! তাজা! তাজা! নূতন! নূতন! পুতলীর মত রূপসীর সাথে, হাসিমুখে এসে বস গো ছায়াতে; আদায় করিয়া লহ চুম্বন, তাজা! তাজা! তাজা! নূতন! নূতন! ‘নমুয়া তনুয়া’ সাকী একেবারে দাঁড়ায়েছে আসি’ আমারি দুয়ারে, সে শুধু করিবে সুধা-বিতরণ তাজা হ’তে তাজা! নূতন! নূতন! পেয়ালা হেলায় ঠেলিয়া রাখিলে জীবনে কি কভু আনন্দ মিলে? পিয়ে দেখ হিয়া মাঝে প্রিয় ধন, চিরদিন তাজা! নিত্য-নূতন! মন-কাড়া দেখে বন্ধু কেড়েছি, তারে ছাড়া আর সকলি ছেড়েছি, মোরে তুষিবারে করে সে যতন, ধরে নব রূপ, নিত্য নূতন! ওগো সমীরণ! তুমি কামচারী, যাও তুমি সখা মন্দিরে তারি, চির অনুরাগী, ব’ল’ গো, এজন, তাজা এ হৃদয়! এ প্রেম নূতন!