সিংহশাবক ক্ষুদ্র হ’লেও মদ-বিমলিন হাতীরে হানে, শক্তিমানের প্রকৃতি ইহাই; বিক্রম কভু বয়স মানে? * * * * স্বর্গ হইতে শিবের জটায় সেথা হ’তে পর্ব্বতে, পর্ব্বত ছাড়ি ধরণী-পৃষ্ঠে, সাগরে ধরণী হ’তে; এমনি করিয়া গঙ্গা চলেছে অধোগতি অনিবার, নষ্টমতির নিপাতের লাগি শত দিকে শত দ্বার। * * * * তপ্ত লোহায় সলিল-বিন্দু,-নাম খুঁজে পাওয়া দায়; পদ্ম-পাতায় সেই পুন রাজে মুকুতার সুষমায়! স্বাতী হ’তে পড়ি’ শুক্তিতে হয় মুক্তা সে নিরমল! মন্দ, মাঝারি, ভালো হওয়া,—সব সংসর্গেরি ফল। * * * * আচারনিষ্ঠে ভণ্ড বলে গো, ধীরজনে ভীরু, সরলে মূঢ়; প্রিয়ভাষীজনে ধনহীন গণে, বীরে নির্দ্দয়, তেজীরে রূঢ়! শান্তস্বভাবে অক্ষম ভাবে, বাগ্মী পুরুষে বাচাল বলে, হেন কোনো গুণ নাই মানুষের যাহা দুর্জ্জনে দোষেনি ছলে। ভর্ত্তৃহরি।