ঘোড়াটি আমার ভালবাসিত গো শুনিতে আমার গান, এখন হ’তে সে ঘোড়াশালে বাঁধা র’বে সারাদিনমান। জিনি’ তরঙ্গ সুন্দরী মোর তাতার-বাসিনী সাকী,— লীলা-চঞ্চলা, রঙ্গনিপুণা,—শিবিরে এসেছি রাখি’! ঘোড়ার আমার জুটিবে সওয়ার, ইয়ার পাইবে সাকী, শুধু মা আমার এ বুড়া বয়সে কাঁদিয়া মুদিবে আঁখি।