ক্ষণিক বরষণে সজল পরশনে ফুটি গো বনে বনে কামিনী ফুল; সাঁঝের অবসরে ক্ষণেক বায়ুভরে দুলি গো শাখা ’পরে দোদুল্‌ দুল্‌! ক্ষণেকে যাই টুটি’ ধূলিতে লুটোপুটি, অমল দল ক’টি ধরণী চুমে; ক্ষণিক ফুল আমি টিঁকিনে দিন যামী, নিমেষে ভরে আঁখি মরণ-ঘুমে। ফুটি গো আঁখি জলে শ্মশান-ভূমি-তলে, আঁখির ছলছলে ঝরি নিমেষে; সমাধিতটে আসি’ উদাসী কাঁদি হাসি বরষি সুধা রাশি স্মৃতির দেশে। আমারি মত ফুটে নিমেযে যারা টুটে তাদেরি সাথী হ’য়ে রয়েছি একা; সুরভি আঁখিজল,—ঝরি গো অবিরল,— স্মরণ-সুমধুর—মমতা-লেখা!