ইতালি! ইতালি! এত রূপ তুমি কেন ধরেছিলে, হায়, অনন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশার কালিমায়; এমন ভাগ্য কেন করেছিলে? করেছিলে কোন্ পাপ? অপরের বর অদৃষ্টে তব কেন হ’ল অভিশাপ? হ’ত ভাল যদি হ’তে কুৎসিত, অথবা সে হ’তে বলী,— ভয়ে আসিত না, ভালবাসিত না, চরণে যেত না দলি’। রূপের গরিমা, মহিমা তোমার পলে পলে তবু, হায়, আত্ম-কলহে প্রত্যহ আজি তিলে তিলে ক্ষয় পায়। হ’লে রূপহীনা সহিতে হতনা বর্ব্বর অভিযান, গিরি লঙ্ঘিয়া আসিত না ‘গল্’ রক্ত করিতে পান; তা, হ’লে এ ছবি দেখিতে হ’ত না, মরিতে হ’তনা লাজে, পরের অস্ত্র হস্তে ধরিয়া তুমি ভ্রম’ রণ মাঝে। কেন যে এ রণ জাননা কারণ,—তবুও বুঝিছ, হায়, জয় পরাজয় সমান তোমার চির-শৃঙ্খল পায়। ফিলিকাজা।